নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান কী, তা স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান জানতে চাওয়া হয়।
জবাবে মাইকেল মিলার বলেন, ‘এখানে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই।
আমি যা বলব, তা আমার নিজস্ব পর্যবেক্ষণ। আমরা চাই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ।
স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো।
আর এর মানে হচ্ছে সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।’
তিনি আরও বলেন, বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছিল।
প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ও সংঘাত নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রতিক্রিয়াটি সমানুপাতিক হয়েছে বলে তিনি মনে করেন।