নিজস্ব প্রতিবেদক
নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই এবারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে এবং একইভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।
তার অভিযোগ, সারা দেশে দলীয়করণ চলছে। প্রশাসনের বিভিন্ন স্তরের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয়করণের মাধ্যমে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হচ্ছে।
ফলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতির কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ধরনের ক্ষমতার ভারসাম্য থাকা প্রয়োজন, বাংলাদেশ সেই ভারসাম্য প্রতিষ্ঠার দিকে এগোতে পারছে না।
তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরতেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার লক্ষ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধী দল নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জনপরিসরে আলোচনা বাড়বে, ভোটের প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।