নিজস্ব প্রতিবেদক বেনাপোল,যশোর
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, আজ শনিবার ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় এ বন্দর দিয়ে l
দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, শনিবার ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
আগামীকাল রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।