নিজস্ব প্রতিবেদক
শিল্পকারখানায় চলমান গ্যাস সংকটের পেছনে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঘাটতিকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সময় লাগবে।
এসব অবকাঠামো নির্মাণ শেষ হলে আগামী দুই বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার ১৫ আগস্ট দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও আগের বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দীর্ঘদিনের এই সংকট কাটাতে প্রয়োজন গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো।
এজন্য এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’ গ্যাস সরবরাহের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এই দুই বছর শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ।
তাই জরুরি ও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোনো সমাধান করা যায় কিনা, তা নিয়েও সরকার কাজ করছে।’
বিকল্প ব্যবস্থা হিসেবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে সরবরাহ বাড়ানোর সম্ভাবনাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, গ্যাস আমদানি ও সরবরাহের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।
কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।