নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ
গোপালগঞ্জ কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে ব্যক্তিগত কারণে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে না পারায় তিন মাস আগেই দায়িত্বশীল নেতাদের কাছে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘এর আগে মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানানো হলেও এলাকার সাধারণ মানুষ তা জানতে পারেননি।
এ কারণে সবার অবগতির জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছি।
আজ থেকে আমি আর কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্বে থাকছি না।’
পদত্যাগের বিষয়ে কোনো ধরনের চাপ বা ভয়ভীতির অভিযোগ নাকচ করে আবুল কালাম শেখ বলেন, ‘সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত ও বিবেচনা থেকেই আমি দলীয় দায়িত্ব ছেড়েছি। এর পেছনে কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব নেই।’
তিনি আরও জানান, দায়িত্বে থেকে সংগঠনের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এ কারণেই তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।