নিজস্ব প্রতিবেদক
‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’- গণমাধ্যমে প্রকাশিত এমন একটি প্রতিবেদন নজরে আসার পর অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি আঁখির সন্তান প্রসবের যাবতীয় ব্যয় বহন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।
প্রতিবেদনটিতে উঠে আসে, তৃতীয় সন্তানের মা হতে চলেছেন আঁখি। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ।
সংসারের চরম আর্থিক সংকট ও ঋণের চাপ সামলাতে না পেরে অনাগত সন্তানকে বিক্রি করার কথা ভাবছিলেন তিনি।
প্রতিবেদনটি প্রকাশের দিনই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। মানবিক বিবেচনায় পরিবারটির খোঁজখবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।
নির্দেশনা পাওয়ার পরপরই পরিবারটির সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে আঁখি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন সংশ্লিষ্টরা।
ঋণের চাপে অনাগত সন্তান বিক্রির চিন্তা:
খোঁজ নিয়ে জানা যায়, আঁখির স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে দৈনন্দিন সংসার চালানোর খরচ। সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়ে যান তাঁরা।
ঋণ পরিশোধ ও পরিবারের ব্যয় সামলানোর অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
এক লাখ টাকা সহায়তা, সন্তান প্রসবের খরচ বহনের আশ্বাস পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর ধারাবাহিকতায় গত রোববার (১৮ অক্টোবর) আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়।
সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।