নিজস্ব প্রতিবেদক
আগামী ২১ নভেম্বর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ করার কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
সড়কের নাজুক পরিস্থিতির কারণে বিকল্প হিসেবে রেলপথে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলগুলো।
তবে ট্রেনে লংমার্চ করলে সাধারণ যাত্রীদের ভোগান্তি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় আপাতত সেই পরিকল্পনা থেকেও সরে এসেছে তারা।
এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে সাংবাদিকেরা বিষয়টি আজ জানতে পেরেছেন। ১১ দলীয় ঐক্যের একাধিক নেতা জানান, লংমার্চ চলাকালে ট্রেনে সাধারণ যাত্রীদের পরিবহনও অব্যাহত থাকবে।
একই সময়ে স্বাভাবিক যাত্রীসেবা চালু রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে আলোচনার পর রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।
তবে পরবর্তী সময়ে কবে এ কর্মসূচি পালন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছিল ১১ দলীয় ঐক্য।
কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে দলগুলো।
তৃতীয় কর্মসূচি হিসেবে গত ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।