জামাল উদ্দীন, কক্সবাজার
কক্সবাজার চকরিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে ১,৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজারের নির্দেশনায়, সেক্টর সদর দপ্তর, রামুর সহযোগিতায় এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় চকরিয়া পৌরসভার বাঁশঘাট এলাকায় ৫০০ প্যাকেট, লক্ষ্যারচর ইউনিয়নের সিআইপি মার্কেট এলাকায় ৫০০ প্যাকেট এবং কাকারা ইউনিয়নের শাহ ওমরাবাদস্থ বিডিসি বায়ন্ড সেন্টারে আরও ৫০০ প্যাকেটসহ মোট ১,৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল আলম, রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ এবং রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
এছাড়াও কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।