আ জা আন্তর্জাতিক ডেক্স
পরিবেশবান্ধব রেলব্যবস্থার পথে বড় পদক্ষেপ নিল ভারত। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে রেল পরিবহনকে কার্বনমুক্ত করার লক্ষ্য নিয়ে দেশটি প্রথম বারের মতো চালু করেছে হাইড্রোজেন চালিত ট্রেন।
এর মাধ্যমে হাইড্রোজেন প্রযুক্তিনির্ভর ট্রেন পরিচালনাকারী বিশ্বের সীমিত সংখ্যক দেশের তালিকায় নাম লেখাল নয়াদিল্লি।
শুক্রবার ১৭ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘স্বনির্ভর ভারত ও টেকসই উন্নয়নের অভিমুখে যাত্রার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।’
উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ ও সোনিপাতের মধ্যকার ৮৯ কিলোমিটার রুটে ১০ কোচের এই ট্রেন চলাচল করবে।
এতে ব্যবহৃত হয়েছে ১ হাজার ২০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন ফুয়েল সেল প্রোপালশন সিস্টেম।
রেল কর্মকর্তাদের ভাষ্য, এই ফুয়েল সেলই ট্রেনটির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। হাইড্রোজেনচালিত ট্রেনে ফুয়েল সেলের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা হয়।
ফলে ডিজেলচালিত ট্রেনের মতো ক্ষতিকর ধোঁয়া নির্গত হয় না,বরং উপজাত হিসেবে বের হয় শুধু জলীয় বাষ্প ও তাপ।
ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটি দেশেই নির্মাণ করা হয়েছে। তবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ফুয়েল সেলসহ ট্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে।
এ প্রকল্পের অংশ হিসেবে জিন্দে একটি হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্রও উদ্বোধন করা হয়েছে।
রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক এই প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে।
যদিও প্রচলিত ট্রেন পরিচালনার তুলনায় এই প্রযুক্তির পরিচালন ব্যয় এখনো উল্লেখযোগ্যভাবে বেশি।